


ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বর্ষীয়ান এই শিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে নিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
রবিবার (১২ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আশা ভোঁসলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আশা ভোঁসলের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাঁকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁর অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এই কিংবদন্তি শিল্পীর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। অসংখ্য মানুষ তাঁর সুস্থ হয়ে আবারও সংগীত জগতে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে একটি বার্তায় পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন, এই সময়ে যেন ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়। তিনি আরও জানান, চিকিৎসা চলছে এবং শিগগিরই ভালো খবর পাওয়া যাবে বলে পরিবার আশাবাদী।
উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ভিডিও বার্তায় আশা ভোঁসলে তাঁর দীর্ঘায়ু কামনা করেছিলেন এবং তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বের প্রশংসা করেছিলেন।
বর্তমানে সঙ্গীতপ্রেমীদের একটাই প্রত্যাশা—এই কিংবদন্তি শিল্পী যেন দ্রুত সুস্থ হয়ে আবারও তাঁর সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করতে পারেন।