Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / আমতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা

September 17, 2025 07:29:09 PM   অনলাইন ডেস্ক
আমতলীতে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে আদালতের আদেশ অমান্য করে এক ব্যক্তির জমি দখলের চেষ্টা ও বীজতলা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আমতলী থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের বাসিন্দা আবদুল মোতালেব হাওলাদার প্রায় এক যুগ আগে ১.৬৩ একর জমি কিনলেও নানা জটিলতায় ভোগদখল করতে পারেননি। পরবর্তীতে তিনি আদালতের মাধ্যমে ওই জমির দখল বুঝে পান এবং শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

তবে সম্প্রতি স্থানীয় মহিউদ্দিনের নেতৃত্বে একটি পক্ষ ওই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মোতালেব হাওলাদারের ছেলে ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. নুরুজ্জামান। তিনি বলেন, “এটি আমাদের বৈধভাবে কেনা পৈতৃক সম্পত্তি। মহিউদ্দিন গং আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করছে এবং আমাদের বীজতলা নষ্ট করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করেছে। আমি এই হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্তরা বিরোধপূর্ণ জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করছেন। এ সময় অভিযুক্ত সোনা মিয়া হাওলাদার ও প্রধান অভিযুক্ত মহিউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমি আমাদের। নুরুজ্জামানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পূর্ব শত্রুতার জেরে তিনি আমাদের বিরুদ্ধে লেগেছেন।”

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মোতালেব হাওলাদারের পরিবার দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছিল, কিন্তু সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাইনউদ্দিন চৌধুরী বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”