


দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। শুধু পুরোনো রসায়নই নয়, এবার একেবারে নতুন চমক নিয়ে আসছেন দেব—প্রথমবারের মতো তিনি নামছেন পরিচালকের আসনে। তার পরিচালিত এই নতুন ছবিতে নায়িকা হিসেবে থাকছেন শুভশ্রী। একইসঙ্গে ছবিটিকে ঘিরে যুক্ত হয়েছে আরও বড় চমক, যা নিয়ে ইতোমধ্যেই টালিগঞ্জে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
টালিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব–শুভশ্রী দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসায় জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থাকলেও তাদের পর্দার রসায়ন সবসময়ই দর্শকপ্রিয় ছিল। তাই নতুন করে এই জুটির প্রত্যাবর্তনের খবর সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি করেছে তীব্র আগ্রহ।
নতুন এই ছবিতে শুধু অভিনয় নয়, দেবকে দেখা যাবে একাধিক ভূমিকায়—প্রযোজক, পরিচালক এবং কাহিনি নির্মাতার দায়িত্বেও তিনি থাকবেন। ফলে এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
সিনেমাটিকে ঘিরে আরও বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। দীর্ঘদিন নানা জটিলতার কারণে বড় পর্দা থেকে দূরে থাকা এই অভিনেতাকে আবারও ফিরিয়ে আনতে উদ্যোগ নেন দেব। ফেডারেশনের সঙ্গে সমস্যার সমাধানে তিনি আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেন, যার পরই বিষয়টি ইতিবাচকভাবে অগ্রসর হয়।
তবে অনির্বাণের চরিত্র বা গল্পে তার ভূমিকা নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে ‘দেশু ৭’, যদিও চূড়ান্ত নাম এখনও নির্ধারিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে জুন থেকে এবং আগস্ট পর্যন্ত প্রায় ৫০ দিনের শিডিউল নির্ধারণ করা হয়েছে। বড় পরিসরের এই প্রজেক্টে প্রায় ১০ হাজার টেকনিশিয়ান কাজ করবেন বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন পর দেব–শুভশ্রী জুটির প্রত্যাবর্তন এবং নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
উল্লেখ্য, এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুমকেতু’ গত বছর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে।