Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / আপনাকে আমরা পালাতে দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি জুমার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আপনাকে আমরা পালাতে দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি জুমার

December 22, 2025 08:05:21 PM   দেশেরপত্র ডেস্ক
আপনাকে আমরা পালাতে দেব না: স্বরাষ্ট্র উপদেষ্টাকে কড়া হুঁশিয়ারি জুমার

জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ওসমান হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতির অভাবের জন্য তিনি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সোমবার (২২ ডিসেম্বর) তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে জুমা বলেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার নেই। তিনি বলেন, উপদেষ্টা হয়তো ভাবছেন আগেভাগে পদত্যাগ করে পালিয়ে যাবেন, কিন্তু জনগণ তা হতে দেবে না। তার ভাষায়, “আপনাকে আমরা পালাতে দেব না, দিচ্ছি না।”

ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের অবস্থানকে প্রশ্ন করে জুমা বলেন, যদি কোনো উপদেষ্টা বা সরকার পদত্যাগ করে দায় এড়ানোর পথ খোঁজে, তবে জনগণ তা মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেন, যাওয়ার আগে অবশ্যই জানিয়ে যেতে হবে—কারা সরকারকে কাজ করতে দেয়নি এবং কার সঙ্গে লিয়াজোঁ করে তারা ক্ষমতায় বসেছিল।

সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, সরকারের মেয়াদ হয়তো বেশি দিন নেই, সে কারণেই কেউ কেউ আগেভাগে সরে যাওয়ার চিন্তা করছেন। তবে ধীরে-সুস্থে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেন তিনি। তার দাবি, দায়িত্ব পালন করতে না পারার পেছনে কারা বাধা সৃষ্টি করেছে, সেই তথ্য জনগণের সামনে প্রকাশ করেই যেতে হবে।

জুমা অভিযোগ করেন, ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের ভেতরে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং সময়ক্ষেপণের মাধ্যমে জনক্ষোভ প্রশমিত করার চেষ্টা চলছে। তার মতে, এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত ঘটনা নয়; এর পেছনে একটি সুসংগঠিত সিন্ডিকেট সক্রিয় ছিল, যার সঙ্গে রাষ্ট্রের একটি অংশ জড়িত।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার ভাই কবরে শুয়ে আছে। এই অবস্থায় সরকার রক্ষার কোনো দায় আমাদের নেই। বিচার নিশ্চিত করাই সরকারের একমাত্র দায়িত্ব, আর সেই দায়িত্ব থেকে পালানোর কোনো সুযোগ নেই।”

আইন উপদেষ্টার দেওয়া ৯০ দিনের সময়সীমা প্রত্যাখ্যান করে জুমা বলেন, সরকারের মেয়াদই যখন অনিশ্চিত, তখন ৯০ দিনের আশ্বাস অর্থহীন। তিনি দাবি করেন, আগামী এক মাসের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই অগ্রগতির দৃশ্যমান প্রমাণ দিতে হবে।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগেই তথ্য ছিল, কিন্তু তবুও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার মতে, এটি নিছক ব্যর্থতা নয়, বরং সচেতন অবহেলার শামিল।

সমাবেশে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন সংস্থা সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলেও সতর্ক করেন জুমা। জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার মূলহোতাসহ পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় না আনা পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না এবং ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে।