


‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পাবনার আটঘরিয়ায় গণমিছিল ও পথসভা করেছে বিএনপি। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে আটঘরিয়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
দেবোত্তর দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, "বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে।"
তিনি দেশের স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য আগামী ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আতাউর রহমান রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মনোয়ার হোসেন আলমের সঞ্চালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. আজাহার আলী খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হেলালসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।