Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেলা ২টায় খালেদা জিয়ার জানাজা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেলা ২টায় খালেদা জিয়ার জানাজা

December 31, 2025 08:46:03 AM   দেশেরপত্র ডেস্ক
রাষ্ট্রীয় মর্যাদায় আজ বেলা ২টায় খালেদা জিয়ার জানাজা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করে জানান, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। দাফন কার্যক্রমও রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাজা ও দাফনসংক্রান্ত এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্টজনরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।