


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত আব্দুল্লাহ (৪০) গ্রেপ্তার হয়েছেন। হত্যা, মাদক, ছিনতাইসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত এই আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক (এসআই) পুষন সাহার নেতৃত্বে এএসআই সজিবুল হাসান, এএসআই ওমর ফারুক ও এএসআই আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আব্দুল্লাহকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয়রা।
থানার রেকর্ড ও পিসিপিআর যাচাই করে পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহর বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি, চুরি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া একাধিক মাদক মামলায় তার বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট দাখিল হয়েছে এবং অন্তত একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
পুলিশ আরও জানায়, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ বেশ কিছুদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানেদ উল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তিনি বলেন, এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।