


আইসিসির ভারতীয় কর্মকর্তা ভিসা না পেয়ে ঢাকায় আসছেন একমাত্র প্রতিনিধি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত আলোচনার জন্য ঢাকায় আসার কথা ছিল আইসিসির দুই কর্মকর্তার। তবে জানা গেছে, শেষ পর্যন্ত একজনই আসছেন। অন্যজন, যিনি আইসিসির ভারতীয় কর্মকর্তা, তিনি বাংলাদেশের ভিসা পাননি। ঢাকায় আসা প্রতিনিধি বিসিবির সঙ্গে বৈঠক করবেন এবং সম্ভব হলে বাংলাদেশ সরকারের প্রতিনিধির সঙ্গেও দেখা করতে পারেন।
এই সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের প্রেক্ষাপটে। ভেন্যু পরিবর্তনের দাবির পর ১৭ জানুয়ারি বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনার জন্য আইসিসির দুজন প্রতিনিধি ঢাকায় আসার কথা ছিল। তবে শেষ পর্যন্ত একমাত্র প্রতিনিধি হিসেবে আসছেন আইসিসির অ্যান্টি-করাপশন এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা আইসিসিকে চিঠিতে জানানো হয়েছিল। এরপরও একাধিকবার চিঠি চালাচালি হয়েছে। জানা যাচ্ছে, আইসিসি এখনও ভেন্যু পরিবর্তনে রাজি নয়। এসব বিষয় নিয়ে মিরপুরে বিসিবির কার্যালয়ে আলোচনার জন্য বৈঠক হবে, যেখানে বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, “আমি নিশ্চিত নই যে তারা শুধু বিসিবির সঙ্গে বসবেন কি না। তবে জানি, কালকে আইসিসির প্রতিনিধি আসছেন। সভাপতি ও সহ-সভাপতি উনারা বৈঠকে থাকবেন। আশা করছি ভালো একটা ফলাফল পাওয়া যাবে।”