


কুমিল্লার মুরাদনগরে বন্ধুত্বের এক হৃদয়ছোঁয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন একদল তরুণ। অসুস্থ বন্ধুর মনোবল বাড়াতে এবং তার একাকিত্ব দূর করতে নিজেরাও মাথা ন্যাড়া করেছেন ১০ বন্ধু। মানবিক এই ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজার এলাকায়। জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক দীর্ঘদিন ধরে মাথার ত্বকের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে গত বুধবার তাকে মাথা ন্যাড়া করতে হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কা ছিল তার।
বন্ধুর এমন পরিস্থিতিতে পাশে দাঁড়াতে এগিয়ে আসেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। সজীব যেন নিজেকে একা বা বিব্রত না মনে করেন, সে জন্য একে একে নিজেরাও মাথা ন্যাড়া করে ফেলেন আরও ৯ বন্ধু। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগে বন্ধুত্বের গভীরতা নতুনভাবে সামনে আসে।
সজীবের সঙ্গে এই উদ্যোগে অংশ নেন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর। বন্ধুরা জানান, সজীবের মানসিক শক্তি বাড়ানোই ছিল তাদের মূল উদ্দেশ্য।
স্থানীয় বাসিন্দারাও এই ঘটনাকে আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, বর্তমান সময়ে এমন নিঃস্বার্থ বন্ধুত্ব খুবই বিরল, যেখানে একজনের কষ্টকে নিজের কষ্ট হিসেবে গ্রহণ করা হয়।
বন্ধুদের এই ভালোবাসায় আপ্লুত হয়ে সজীব তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরদিন খৈয়াখালী বাজারের একটি চটপটি হাউসের ছাদে বন্ধুদের সম্মানে এক ব্যতিক্রমী আয়োজন করেন তিনি। সেখানে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে একটি খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রাজহাঁস এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি দেশি মোরগ দেওয়া হয়। এছাড়া অন্যান্য বন্ধুদেরও উপহার হিসেবে দেওয়া হয় হাতঘড়ি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই এই উদ্যোগকে প্রকৃত বন্ধুত্বের উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। রক্তের সম্পর্কের বাইরেও যে হৃদয়ের বন্ধন কতটা গভীর হতে পারে, কুমিল্লার এই তরুণরা যেন তা নতুন করে প্রমাণ করলেন।