


ফরিদপুরের সালথায় মাদক সেবন করার সময় হাতেনাতে আটক করে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় এই অভিযান চালানো হয়।
সজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) ও হোসেন ফকির (৩৭)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দিন এই আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, কাউলিকান্দা এলাকায় কিছু যুবক নিয়মিত মাদক সেবন করছে এমন খবর পেয়ে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করার পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, মাদক সেবনকালে চারজনকে আটক করে আইন অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে রক্ষা করতে এই ধরণের অভিযান সামনেও অব্যাহত থাকবে। মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
অভিযান শেষে সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এলাকার সাধারণ মানুষ প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।