


বগুড়ার সারিয়াকান্দিতে ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে ‘পরিকল্পনা-প্রচেষ্টা-বাস্তবায়ন’ নামের একটি নতুন স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার পারতিতপরল এলাকায় সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণের পাশাপাশি একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজকর্মী তহিদুল ইসলাম।
সংগঠনের সভাপতি ছালজার রহমান বলেন, "আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং একটি মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা। সকলের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে পারব।"
তিনি আরও জানান, সংগঠনটির কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন এই সংগঠনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।