


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৭৮ শতাংশই উচ্চশিক্ষিত বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এদের মধ্যে ৬০ শতাংশ স্নাতকোত্তর এবং ২৮ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সুজনের প্রধান সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।
তথ্য অনুযায়ী, ৫০ জন নারী এমপির মধ্যে ৩০ জন স্নাতকোত্তর, ১৪ জন স্নাতক, দুজন এইচএসসি পাস, একজন এসএসসি পাস এবং দুজন স্বশিক্ষিত। এছাড়া একজন সংসদ সদস্য তার শিক্ষাগত যোগ্যতার তথ্য দেননি।
সুজন জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্যদের মধ্যে উচ্চশিক্ষিতের হার ছিল ৭৬ শতাংশ, যা এবার কিছুটা বেড়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিএনপি থেকে নির্বাচিত ৩৬ জন সংরক্ষিত নারী এমপির মধ্যে ২১ জন স্নাতকোত্তর এবং ১১ জন স্নাতক। এছাড়া একজন এইচএসসি পাস, দুজন স্বশিক্ষিত এবং একজন শিক্ষাগত তথ্য প্রকাশ করেননি। সে হিসেবে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের মধ্যে উচ্চশিক্ষিতের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ।
অন্যদিকে, ১১ দলীয় জোট থেকে নির্বাচিত ১৩ জন নারী এমপির মধ্যে ৯ জন স্নাতকোত্তর, ২ জন স্নাতক, একজন এইচএসসি এবং একজন এসএসসি পাস। এই জোটে উচ্চশিক্ষিতের হার ৮৪ দশমিক ৬২ শতাংশ। স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত একমাত্র নারী এমপি স্নাতক ডিগ্রিধারী।
সুজনের প্রধান সমন্বয়কারী দীলিপ কুমার সরকার বলেন, আগের সংসদের তুলনায় বর্তমান সংসদে সংরক্ষিত নারী সদস্যদের মধ্যে উচ্চশিক্ষিতের হার কিছুটা বেড়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য ইতিবাচক প্রবণতা।
সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।