


ময়মনসিংহের ফুলপুর উপজেলা য় পারিবারিক বিরোধের জেরে আয়েশা বেগম নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে রামভদ্রপুর ইউনিয়নের জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অভিযুক্ত জসিম তার দাদির কাছে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতেন। পাশাপাশি মাদক সেবনের জন্য টাকাও দাবি করতেন। ঘটনার দিন রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দাদি আয়েশা বেগমকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি।
ফুলপুর থানা -র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান জানান, ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করতে গেলে হাতে অস্ত্র থাকায় কেউ এগোতে পারেনি। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিপি/ আবদুল্লাহ