Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় বসছে ২৩ হাজার ২৭৬ শিক্ষার্থী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় বসছে ২৩ হাজার ২৭৬ শিক্ষার্থী

April 21, 2026 10:58:19 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় বসছে ২৩ হাজার ২৭৬ শিক্ষার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এটি মাধ্যমিক স্তরের শিক্ষা সমাপনীর সবচেয়ে বড় আসর।

জেলা শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ হাজার ৮৭ জন। এদের জন্য জেলায় ৪৫টি পরীক্ষা কেন্দ্র বরাদ্দ করা হয়েছে। এছাড়া ১৪টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৪ হাজার ৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৮টি কেন্দ্রে ১ হাজার ১৪৯ জন শিক্ষার্থী এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বসছে।

পরীক্ষার প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মূল পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তাত্ত্বিক পরীক্ষা শেষে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৮ জুনের মধ্যে সব ধরণের কাগজপত্র ও নম্বরপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, এবারের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারির পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তদারকির জন্য প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে বিশেষ টিম।