


বিয়ে, মাতৃত্ব ও পারিবারিক জীবনের সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। তিনি বলেছেন, সমাজের অতিরিক্ত চাপের কারণে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে বরং জীবনকে নিজের মতো করে বেছে নেওয়া উচিত। এমনকি এক পর্যায়ে রসিকতা করে তিনি মন্তব্য করেন, সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা অনেক ভালো।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে কানাডিয়ান ইউটিউবার ও সঞ্চালক লিলি সিংয়ের সঙ্গে আলাপচারিতায় এসব মন্তব্য করেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে শেফালি শাহ তরুণীদের উদ্দেশ্যে স্পষ্টভাবে পরামর্শ দেন, কম বয়সে তাড়াহুড়ো করে বিয়ে না করার জন্য। তিনি বলেন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক মানুষকে বেছে নেওয়া এবং মানসিকভাবে প্রস্তুত থাকা জরুরি।
তিনি আরও বলেন, বিয়ে কোনো সহজ বিষয় নয়, এটি একটি বড় দায়িত্ব, যেখানে পারস্পরিক বোঝাপড়া, ধৈর্য ও পরিপক্কতার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র সামাজিক চাপের কারণে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
মাতৃত্ব ও সমাজের প্রত্যাশা নিয়ে কথা বলতে গিয়ে শেফালি শাহ জানান, সমাজ প্রায়ই নারীকে বিয়ে ও সন্তান নেওয়ার জন্য অদৃশ্য চাপের মধ্যে রাখে। এই বিষয়ে তিনি বলেন, তিনি জানেন এই মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে পারেন, তবে তিনি নিজের মতামত প্রকাশ করতেই চান।
এই প্রসঙ্গে তিনি রসিকতার সুরে বলেন, “সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা অনেক ভালো।” তার মতে, কুকুর এমন প্রাণী যারা নিঃস্বার্থ ও নিঃশর্ত ভালোবাসা দেয়, যা অনেক সময় মানুষের সম্পর্কের চেয়ে সহজ ও শান্তিপূর্ণ।
ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যা চার বছর পর বিচ্ছেদে শেষ হয়। পরে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে বিয়ে করেন।
বর্তমানে এই দম্পতির দুই সন্তান রয়েছে— আর্যমান ও মৌর্য। পাশাপাশি শেফালি শাহের দুই পোষা কুকুর ‘অ্যাশ’ ও ‘সিম্বা’ রয়েছে, যাদের তিনি নিজের পরিবারের সদস্যের মতোই ভালোবাসেন।