


রাজশাহীতে ঋতু খাতুন ওরফে রিয়া (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে জামায়াত নেতা পরিচয়ধারী মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রদল। শুক্রবার (১৫ মে) রাতে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিহত রিয়া নগরের ধরমপুর এলাকার বাসিন্দা। বুধবার সকালে তার স্বজনরা খবর পান, শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রিয়ার মা শিলা খাতুন বাদী হয়ে মিজানুর রহমান মিজানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
স্বজনদের দাবি, মিজানুর রহমান পরকীয়ায় জড়িত ছিলেন এবং যৌতুকের জন্য রিয়াকে নির্যাতন করতেন। মামলা হওয়ার দুদিন পার হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিক্ষোভ সমাবেশে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, “রিয়ার হত্যার বিচার না হলে ছাত্রদল রাজপথে থাকবে।”
তবে অভিযুক্ত মিজানুর রহমানকে জামায়াতের নেতা হিসেবে অস্বীকার করেছে দলটির রাজশাহী মহানগর শাখা। মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, “মিজানুর নামে আমাদের দলে কেউ নেই।”
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে মিজানুর রহমানকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিতে এবং ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দিতে দেখা গেছে।
মতিহার থানার ওসি গোলাম কবির জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।