Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / স্কুলছাত্রীকে ধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত আটক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্কুলছাত্রীকে ধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত আটক!

May 16, 2026 11:01:20 AM   অনলাইন ডেস্ক
স্কুলছাত্রীকে ধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত আটক!

নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত মিশাত শেখকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার মিশাত শেখ ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পলাশ থানায় দায়ের করা এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী মিশাত শেখ দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে স্কুলছাত্রীর মা মিশাতের পরিবারকে একাধিকবার সতর্ক ও নিষেধ করেন। এর মধ্যেই গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে ওই ছাত্রী স্থানীয় একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা মিশাত শেখ ও তার সহযোগী মারুফ (২৩) তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে মিশাত তাকে একটি পরিত্যক্ত বসতঘরে নিয়ে ধর্ষণ করে।

এদিকে, মেয়ে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় রাত ৯টার দিকে তাকে খুঁজতে বের হন তার মা ও খালাতো ভাই। একপর্যায়ে ওই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়ে তারা মারুফকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। ভেতর থেকে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে তারা ভেতরে ঢুকতে চাইলে মারুফ বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরিস্থিতি বেগতিক দেখে মারুফ ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ওই ছাত্রীর মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মিশাত শেখকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় শুক্রবার (১৫ মে) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে মিশাত শেখ ও মারুফের বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই প্রধান আসামি মিশাত শেখকে গ্রেপ্তার করে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মারুফকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, ভুক্তভোগী স্কুলছাত্রীকে আগামী রোববার (১৭ মে) ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।