


সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার সকালে সখীপুর বাজারে ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) সখীপুর শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, ড্রাগ এন্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সখীপুর শাখার সভাপতি হুমায়ুন কবির, ফারিয়া সখীপুর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চিকিৎসা সেবার সাথে জড়িত থেকেও ওষুধ প্রতিনিধিরা প্রতিনিয়ত নানা ধরণের ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছেন। তারা অভিযোগ করেন, অনেক সময় তাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করা হয় এবং কর্মক্ষেত্রে নানা ধরণের হয়রানির মুখোমুখি হতে হয়। এই সব সমস্যা সমাধানে এবং নিরাপদ পরিবেশে কাজ করার নিশ্চয়তা পেতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তারা আরও জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় ওষুধ পৌঁছে দেওয়ার কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মানববন্ধনে বক্তারা অযৌক্তিক সব হয়রানি বন্ধ করে একটি সুশৃঙ্খল কর্মপরিবেশ গড়ার আহ্বান জানান। এই দাবিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।