


অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার দাফন সম্পন্ন হয়েছে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তা নিয়ে যাওয়া হয় ভালুকায়। বিকেল ৫টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, নেপালে অবস্থানরত জাহের আলভীর দেশে ফেরার সম্ভাবনার কথা মাথায় রেখেই জানাজার সময় বিকেল ৫টা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি উপস্থিত হননি। শেষ বিদায়ে স্বামীর অনুপস্থিতি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রশ্নের জন্ম দিয়েছে।
ইকরার মৃত্যুকে ঘিরে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। এ ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করে তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় শুধু জাহের আলভী নন, তার পরিবারের আরও কয়েকজন সদস্যের নাম অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও অমানুষিক নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত কিছু চ্যাট ফাঁস হয়, যা ঘটনাটিকে নতুন মাত্রা দেয়। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে। ইকরার আকস্মিক মৃত্যু এবং পরবর্তী ঘটনাপ্রবাহ এখনো জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, যার উত্তর মিলবে চলমান তদন্তের মাধ্যমেই।