


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক ইবি। বুধবার (৬ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
৪০ মিনিটের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ইবি ৮৪-৩৮ পয়েন্টের বড় ব্যবধানে রাবিকে পরাজিত করে। পুরো খেলাজুড়ে ইবির খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষকে চাপে রাখেন এবং শেষ পর্যন্ত ৪৬ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন।
টানা জয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইবি দলের অধিনায়ক তামিম। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে পেরেছি। ২০১৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাস্কেটবলে ইসলামী বিশ্ববিদ্যালয় তাদের চ্যাম্পিয়ন শিরোপা অক্ষুণ্ণ রেখেছে। জয়ের এই মুহূর্তে আমরা আমাদের সিনিয়রদের শ্রদ্ধাভরে স্মরণ করছি, যাদের অনুপ্রেরণা আমাদের আজকের এই অবস্থানে আসতে সাহায্য করেছে। আমরা প্রমাণ করেছি যে খেলোয়াড় ও শিক্ষার্থী উভয় ক্ষেত্রেই আমাদের বিশ্ববিদ্যালয় সেরা। আশা করছি ভবিষ্যতে আমরা এই সাফল্যের ধারা বজায় রাখব।
বাস্কেটবলের এই ধরণ আর ইবির সাফল্য নিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিকস বা ক্রীড়াঙ্গনকে কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে আমরা নতুন পরিকল্পনা করছি। এক সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে অনেক এগিয়ে ছিল কারণ তখন খেলোয়াড় কোটা ছিল। আমি যখন এখানে শিক্ষক হিসেবে যোগ দেই, তখন দেখেছি অনেক জাতীয় পর্যায়ের খেলোয়াড় এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হত।
তিনি আরও উল্লেখ করেন, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে যাওয়ায় এই বিশেষ সুযোগটি বন্ধ হয়ে যায়। যেহেতু এটি একটি প্রান্তিক পর্যায়ের বিশ্ববিদ্যালয়, তাই সঠিক সুযোগ-সুবিধার অভাবে অনেক সময় ভালো মানের খেলোয়াড়রা এখানে আসতে চায় না। আমরা এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে ইনডোর স্টেডিয়ামে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।