Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / রাতের মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাতের মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

May 08, 2026 08:52:28 PM   অনলাইন ডেস্ক
রাতের মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রাতের মধ্যে সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃষ্টিপাত হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সন্ধ্যার পর থেকে দেশের কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীপথে চলাচলকারী নৌযান ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।