Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / রাতের মধ্যে ১৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাতের মধ্যে ১৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা

May 03, 2026 09:41:37 PM   অনলাইন ডেস্ক
রাতের মধ্যে ১৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের মধ্যে ১৫টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ঝড় বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রোববার (৩ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই আবহাওয়া অস্থির থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি কিংবা অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

দেশের আবহাওয়া পরিস্থিতি আপাতত অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান এবং খোলা স্থানে থাকা মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।