


বোরহান উদ্দিন , রাজবাড়ী:
রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি ও পরিবেশের উন্নয়নকে সামনে রেখে পৃথক দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। যশাই ও পাট্টা ইউনিয়নের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। রবিবার (৩ মে) দুপুরে যশাই ইউনিয়নের নারু কুন্ডুর ঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া। উদ্বোধনের পাশাপাশি খালের পাড়জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চাঁদ আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুস সালাম মিয়া বলেন, খাল পুনঃখনন বর্তমান সরকারের কৃষিবান্ধব উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় পাংশার এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কাজ শেষ হলে অন্তত ১৭টি গ্রামের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, যশাই ইউনিয়নের ঢেঁকিপাড়া খালের প্রায় ৯ কিলোমিটার পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৯২৭ টাকা। অন্যদিকে পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার খননে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্প দুটির মাধ্যমে সাত শতাধিক অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।