


দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সৈন্যের হাতুড়ি দিয়ে যিশু খ্রিস্টের মূর্তিতে আঘাত করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর নিন্দা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা শুরু হলে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, এ ঘটনা জেনে তিনি ও অধিকাংশ ইসরায়েলি “হতবাক ও মর্মাহত” হয়েছেন।
তিনি জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে ঘটনাটি তদন্ত করছে এবং দায়ী সৈন্যের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নেতানিয়াহু আরও বলেন, “মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে।” একই সঙ্গে এ ঘটনায় যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
এর আগে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দ্রুত ওই সৈন্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।