


সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাদিয়া পাঠান পাপন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাবেক মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা নাখলু আক্তারের মেয়ে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
নাদিয়া পাঠান পাপন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে তার মা সৈয়দা নাখলু আক্তার দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি জেলা পরিষদের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মেয়ের মনোনয়ন নিয়ে প্রতিক্রিয়ায় নাখলু আক্তার বলেন, “রাজনীতি নিয়ে আমাদের মধ্যে কখনও মতানৈক্য হয়নি। আমার মেয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করত। এখন সে মনোনয়ন পেয়েছে—একজন মা হিসেবে আমি খুশি।”
এদিকে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টিকে “রাজনীতিতে শেষ কথা নেই”—বলে মন্তব্য করেছেন এবং বিজয়নগরের সন্তান হিসেবে নাদিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
নাদিয়া পাঠান পাপনের প্রতিক্রিয়া জানতে চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।