


ফরিদপুরের সদরপুরে মাকে ফোন করে সন্তানকে দেখে রাখার আকুতি জানানোর একদিন পর তানজিলা ইসলাম (১৮) নামে এক গৃহবধূর লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তানজিলার মামা কুদ্দুস আলী শুক্রবার (১২ ডিসেম্বর) জানান, গত রাতে রাত ১২টার দিকে তানজিলা তার মাকে ফোন দিয়ে বলেছিল, “মা, আমার সন্তানকে তোমরা দেখে রেখ।” এক ঘণ্টা পর রাত ১টার দিকে শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায়, তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তানজিলার পরিবারের দাবি, তার গলায় ফাঁসের কোনো দাগ নেই এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তারা বলছেন, এটি হত্যার ঘটনা এবং তারা মামলা দায়ের করে ন্যায়বিচার চান।
ঘটনাটি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামার গ্রামে ঘটে। খবর পেয়ে পুলিশ তানজিলার লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তানজিলা ইসলাম চরদড়ি কৃষ্ণপুর গ্রামের আইয়ুব আলী খানের মেয়ে। তার স্বামী রাকিব মৃধা সৌদি আরব প্রবাসী। তাদের এক বছরের ছেলে রায়তুল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তানজিলা ইসলাম দুই বছর আগে ভালোবেসে রাকিব মৃধাকে বিয়ে করেছিলেন।
সদরপুর থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া বলেন, লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে। তিনি আরও জানান, পরিবারের কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।