Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে তরুণীর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে তরুণীর

April 21, 2026 11:01:42 AM   অনলাইন ডেস্ক
বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে তরুণীর

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হওয়ার পরও সেই রাতেই নববধূ প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করেন। মুহূর্তের মধ্যে বদলে যায় পুরো বিয়ের পরিবেশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্রী বন্যা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে সৌদি আরব থেকে ছুটিতে আসা যুবক হৃদয় মিয়ার বিয়ে ঠিক করা হয়। শতাধিক অতিথির উপস্থিতিতে প্রায় ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বরযাত্রীদের আপ্যায়ন চলছিল।

বিয়ের আনন্দঘন পরিবেশের মধ্যেই হঠাৎ প্রবেশ করেন মাসুদ নামে এক যুবক। তিনি দাবি করেন, বন্যার সঙ্গে তার দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। এ সময় মোবাইলে তাদের একাধিক ছবি দেখিয়ে বিষয়টি প্রমাণের চেষ্টা করেন তিনি। ঘটনাটি জানাজানি হলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের হস্তক্ষেপে মাসুদকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। কিছু সময়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জানা যায়, বন্যা আক্তার তখনো মাসুদকে ভালোবাসেন বলে জানান এবং তার সঙ্গে সংসার করতে চান।

এ অবস্থায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা প্রবাসী বর হৃদয় মিয়া ও তার পরিবার আলোচনার মাধ্যমে বিয়েটি ভেঙে দেন। পরে বন্যাকে দেওয়া স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী ফিরিয়ে নিয়ে তারা স্থান ত্যাগ করেন।

এরপর রাতেই আরেক নাটকীয় মোড় নেয় ঘটনা। স্থানীয়দের উপস্থিতিতে রাত সাড়ে ৩টার দিকে মাসুদকে নিয়ে নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৪ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে। পরদিন সকালে নবদম্পতি মাসুদ ও বন্যা একসঙ্গে হোসেনপুরে স্বামীর বাড়ির উদ্দেশ্যে চলে যান।

বন্যা আক্তার জানান, দীর্ঘদিন ধরেই মাসুদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক চাপে তিনি হৃদয় মিয়াকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষকেই বেছে নিয়েছেন তিনি।

এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।