


স্টাফ রিপোর্টার:
বরিশালে বৈশ্বিক অস্থিরতা ও সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হেযবুত তওহীদ-এর উদ্যোগে এক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবা। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি খাত ও প্রবাসী আয়ের ওপর পড়তে পারে। সম্ভাব্য সংকট মোকাবিলায় এখন থেকেই সংগঠিত প্রস্তুতি, সচেতনতা এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, স্থানীয় পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং পারিবারিক পরিকল্পনা সুসংগঠিত করা সময়ের দাবি। পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে ওঠার লক্ষ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল আঞ্চলিক সভাপতি মো. রুহুল আমিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, পটুয়াখালী জেলা সভাপতি সাইফুর রহমান সাইফ, মাদারীপুর জেলা সভাপতি নূরনবী মাতুব্বর, শরীয়তপুর জেলা সভাপতি বায়োজিদ মালদ, পিরোজপুর জেলা সভাপতি সুমন তালুকদার,গোপালগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
বক্তারা বলেন, বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সামাজিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। সম্মেলনে এসব বিষয়ে করণীয় নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।