Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / বিজয়–রাশমিকা মান্দানার আজ বিবাহ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিজয়–রাশমিকা মান্দানার আজ বিবাহ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

February 26, 2026 12:54:45 PM   বিনোদন ডেস্ক
বিজয়–রাশমিকা মান্দানার আজ বিবাহ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ভারতের দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার আজ (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে সাত পাকে বাঁধা পড়ছেন। এই দুই তারকাকে ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে।

বিশেষ মুহূর্তে নবদম্পতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো বার্তায় দুই পরিবারকে অভিনন্দন জানিয়ে নবদম্পতির জন্য শুভকামনা ও আশীর্বাদ পাঠানো হয়েছে। বার্তায় তিনি আশা প্রকাশ করেছেন, এই বিয়ে তাদের জীবনে একটি নতুন ও সুন্দর সূচনা হয়ে উঠুক এবং ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের মধ্য দিয়ে তারা আগামীর পথচলা এগিয়ে নিক। এই বার্তাটি তারকা জুটির ইন্সটাগ্রামে প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মধ্যে বিয়ের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।

hq720.jpg

বিয়ের আনুষ্ঠানিকতার আগে গায়ে হলুদের আয়োজন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, খোলা আকাশের নিচে সাজানো মঞ্চটি নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে। গোলাকার পরিসর, চারপাশে কাঠের প্যানেল এবং মেঝেতে ছড়িয়ে রাখা গোলাপের পাপড়ি পুরো পরিবেশকে উৎসবমুখর করেছে। মঞ্চের মাঝখানে রাখা ছিল দুটি ছোট পিঁড়ি, যেখানে বর ও কনে আচার অনুষ্ঠানে বসবেন। ফুলের নকশায় বর ও কনের নাম আলাদা করে লেখা ছিল, যা অনুষ্ঠানে ব্যক্তিগত আবেগের মাত্রা যোগ করেছে।

রাশমিকার শেয়ার করা আরেক ঝলকে দেখা গেছে সোনালি সূর্যাস্তের আলোয় সাজানো একটি নান্দনিক দৃশ্য, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিশেল স্পষ্ট। হলুদ রঙের প্রাধান্য, ফুলের সাজ এবং উষ্ণ আলো গায়ে হলুদের আবহকে আরও প্রাণবন্ত করেছে।

wedding-rashmika-1024x576.jpg

এই বহুল আলোচিত বিয়েকে ঘিরে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। স্থানীয় প্রশাসনের পাশাপাশি হায়দরাবাদ থেকে বিশেষ নিরাপত্তা দল উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আয়োজক সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকা সীমিত রাখা হয়েছে। মূল আয়োজনের অংশীদার হবেন ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং চলচ্চিত্র জগতের নিকটজনরা।