


বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রবিবার (৩ মে) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালনগর গ্রামের রেজু ফকিরের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাদের সহায়তা করেন। অভিযানে প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গোয়ালনগর গ্রামের রেজু ফকির (৬০) এবং কামালমুড়া এলাকার বেলায়েত (৩৫)।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ফাতেমা। তিনি জানান, আটক ব্যক্তিরা মাদক সেবনের কথা স্বীকার করায় তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজয়নগর থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতা নিয়মিত চলবে বলেও জানানো হয়।