


বলিউড সুপারস্টার আমির খান তার ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সম্প্রতি খোলাখুলি প্রকাশ করেছেন। প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর একাকীত্ব ও মানসিক চাপে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন বলে জানান এই অভিনেতা।
এক সাক্ষাৎকারে আমির খান বলেন, দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের অবসান এবং স্ত্রী রীনা দত্ত সন্তানদের নিয়ে আলাদা হয়ে যাওয়ার পর তিনি গভীর মানসিক সংকটে পড়েন। সেই সময় নিজেকে সামলানো তার জন্য অত্যন্ত কঠিন হয়ে ওঠে।
তিনি জানান, আগে কখনো মদ্যপান করতেন না, শুধুমাত্র সিনেমার শুটিংয়ের প্রয়োজনে সীমিতভাবে পান করতে হতো। কিন্তু বিচ্ছেদের পর পরিস্থিতি বদলে যায় এবং একাকীত্ব থেকে মুক্তি পেতে তিনি প্রতি রাতে মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে এটি আসক্তির পর্যায়ে পৌঁছে যায় বলেও স্বীকার করেন তিনি।
পরবর্তীতে জীবনের ধারা বদলায়। রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও-কে। এই দাম্পত্য জীবনে তাদের একটি সন্তানও রয়েছে। যদিও পরবর্তীতে তারাও আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন, তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
বর্তমানে আমির খান ছোটবেলার বন্ধু গৌরী স্প্র্যাট-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। নিজের ৬০তম জন্মদিনে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এদিকে তার ব্যক্তিগত জীবন ঘিরে অতীতে বিভিন্ন সময়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে। প্রীতি জিন্টা, পূজা ভাট, মমতা কুলকার্নি, জেসিকা হাইনস এবং ফাতিমা সানা শেখ-এর সঙ্গে তার নাম জড়ালেও এসব বিষয়ে তিনি কখনো প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করেননি।
সব মিলিয়ে, জীবনের কঠিন সময় পেরিয়ে এখন পরিবার ও কাছের মানুষদের সঙ্গে শান্ত জীবনযাপন করতে চান বলেই জানান এই বলিউড তারকা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা