


বগুড়ায় আজ মঙ্গলবার থেকে উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। সকালে বগুড়া সদর উপজেলার খাদ্য গুদাম চত্বরে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি তার বক্তব্যে বলেন, কৃষকরা যেন তাদের ফসলের সঠিক দাম পায়, সরকার সেই লক্ষ্যেই সরাসরি তাদের কাছ থেকে ধান কিনছে। এই পুরো প্রক্রিয়ায় কোনো কৃষক বা মিল মালিক যাতে হয়রানির শিকার না হন, সেদিকে প্রশাসন কঠোর নজর রাখবে।
বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ। এছাড়াও বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, চালকল মালিক সমিতির নেতারা এবং স্থানীয় কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ থেকে জানানো হয়েছে, সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে চাল কেনা হচ্ছে। এই কাজে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। বিক্রির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
প্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ধান-চাল সংগ্রহ অভিযানে কোনো ধরণের অনিয়ম সহ্য করা হবে হবে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই নীতি মেনেই অভিযানটি সফল করার আহ্বান জানানো হয়েছে।