Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় জমি নিয়ে বিরোধে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় জমি নিয়ে বিরোধে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

May 18, 2026 07:54:19 PM   অনলাইন ডেস্ক
বগুড়ায় জমি নিয়ে বিরোধে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৫) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৩ শতক জমি নিয়ে ইয়াছিন আলীর সাথে তার চাচা রেজাউলের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে চাচার ছেলে রাহাত মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। সংঘর্ষে গুরুতর আহত সুমন মোল্লাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় রিদয় নামে আরও এক যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাহাত মণ্ডলকে গ্রেপ্তার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ধরণ দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।