


বগুড়ায় জিন তাড়ানোর নামে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) রাতে বগুড়া শহরের নামাজগড় এলাকা থেকে অভিযুক্ত হাকিম রেজাউল করিম (৪০)কে আটক করা হয়। তিনি ওই এলাকায় ‘আশ-সিফা দাওয়া খানা’ নামে একটি প্রতিষ্ঠানে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা করতেন বলে জানা গেছে।
ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভোগায় মেয়েকে বিভিন্ন চিকিৎসকের কাছে নেওয়া হলেও তেমন উন্নতি হয়নি। পরে এক পরিচিত ব্যক্তির পরামর্শে তারা অভিযুক্তের কাছে যান। সেখানে গিয়ে কবিরাজ দাবি করেন, মেয়েটির ওপর ‘জিনের আসর’ রয়েছে এবং ঝাড়ফুঁকের মাধ্যমে তা দূর করতে হবে।
অভিযোগ অনুযায়ী, চিকিৎসার কথা বলে একপর্যায়ে কিশোরীকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন অভিযুক্ত এবং পরিবারের সদস্যদের বাইরে থাকতে বলেন। এরপর তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। শুধু একবারই নয়, একই দিন বিকেলে আবারও টাকা নিয়ে গেলে পুনরায় একই কায়দায় ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে কিশোরী বিষয়টি পরিবারকে জানালে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।