Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / বাগদানের ১১ মাস পর পার্থ-শামা দম্পতি বিয়ের পিঁড়িতে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাগদানের ১১ মাস পর পার্থ-শামা দম্পতি বিয়ের পিঁড়িতে

January 09, 2026 08:08:52 PM   বিনোদন ডেস্ক
বাগদানের ১১ মাস পর পার্থ-শামা দম্পতি বিয়ের পিঁড়িতে

প্রায় এক দশক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় অভিনেতা পার্থ শেখ ও সামিহা রহমান শামার। শুরুতে যোগাযোগ টুকটাকই ছিল, মাঝে কিছু সময় তারা একে অপরের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছিলেন। পরে সম্পর্ক নতুনভাবে জোরালো হয় এবং বন্ধুত্বের মধ্য দিয়ে গড়ে ওঠে প্রেম।

তবে পার্থের প্রেমের প্রস্তাবে শামা প্রথমে রাজি হননি। তিনবার প্রপোজ করার পর অবশেষে ২০২২ সালের ৩০ জানুয়ারি তিনি সম্মতি দেন। এরপর যুগলটি প্রায় দুই বছর ধরে তাদের সম্পর্কটিকে গভীরভাবে এগিয়ে নিয়ে যান। দুই পরিবারকেও সম্পর্কের কথা জানানোর পর, গত বছরের ফেব্রুয়ারিতে অনেকটাই গোপনভাবে বাগদান সম্পন্ন হয়।

প্রায় ১১ মাস পর, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঘরোয়া আয়োজনে পার্থ-শামার বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠকে পার্থ শেখ বলেন, “শামার সঙ্গে আমার পরিচয় প্রায় দশ বছর আগে, ২০১৬ সাল থেকে। প্রথমে ফেসবুকে টুকটাক কথা হতো। পরে অনেকদিন যোগাযোগ ছিল না। যখন আবার কথা শুরু হলো, তখন আমি আমার ভালো লাগার কথা জানাই। তিনবার প্রপোজ করার পর অবশেষে শামা রাজি হন। এরপর খুব সুন্দরভাবে আমাদের সম্পর্ক এগিয়েছে। দুই পরিবারকেও জানিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে আমাদের বাগদান হয়। এরপর ছোট্ট আয়োজনে গতকাল আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সবার কাছে নতুন জীবনের জন্য দোয়া চাই।”

তিনি আরও জানান, আপাতত ঘরোয়া আয়োজনে কাছের মানুষদের নিয়েই অনুষ্ঠান করা হয়েছে। তবে আগামী বছরের ফেব্রুয়ারিতে বড় পরিসরে একটি আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

পার্থ শেখ মূলত নির্মাণ মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে গত দুই বছরে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও তার কাজ দর্শকদের নজর কাড়ছে। অন্যদিকে, সামিহা রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন এবং বর্তমানে তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।