Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বিএনপি কোনো দলকেই নির্বাচনের বাইরে দেখতে চায় না : জেরিন খান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএনপি কোনো দলকেই নির্বাচনের বাইরে দেখতে চায় না : জেরিন খান

June 21, 2025 09:46:48 PM   উপজেলা প্রতিনিধি
বিএনপি কোনো দলকেই নির্বাচনের বাইরে দেখতে চায় না : জেরিন খান

কাজল খান:
“বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাই আমরা কোনো দলকেই নির্বাচনের বাইরে দেখতে চাই না” -বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

শনিবার (২১ জুন) সকালে মাদারীপুর শহরের চরমুগুরিয়া সেলিম মুন্সি কমিউনিটি সেন্টারে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভার শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনে নিহত সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সাবেক এই সংরক্ষিত আসনের সংসদ সদস্য বলেন, "বাবার হাত ধরেই আমার রাজনীতিতে আসা। বাবার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে আমি মাদারীপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।" তিনি আরও বলেন, "অতীতে সংরক্ষিত আসনের এমপি হিসেবে অনেক প্রতিকূলতার মাঝেও আমি জেলার উন্নয়নে কাজ করেছি। কিন্তু এবার আমি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনতার কাতারে থেকে সেবা করতে চাই।"

এ সময় তিনি বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট সাংবাদিকদের মাঝে বিতরণ করেন।

মাদারীপুর-২ (সদর ও রাজৈর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেলেন জেরিন খান। দলীয় গ্রুপিং নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি নিঃস্বার্থভাবে রাজনীতি করি এবং কোনো ধরনের গ্রুপিংয়ে বিশ্বাসী নই। দল যদি আমাকে জেলা বিএনপি নিয়ে কাজ করার দায়িত্ব দেয়, আমি তা পালন করব।"

নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ফলে একটি দলের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। এই বিষয়টি আমি বর্তমান সরকার ও দেশবাসীর বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছি।"

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার, সারদা সুন্দরী মহিলা কলেজের (সনাক) সাবেক ভিপি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান অহিদ, জেলা মৎস্যজীবী দলের নেতা সাইম খান এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।