


চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে এক কলেজছাত্রকে মারধর করে আট তলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আশফাক কবির সাজিদ (১৭) নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার (১৩ এপ্রিল) রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের একটি নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান ফোন করে বাকলিয়া এক্সেস রোড এলাকার মৌসুমি আবাসিকের মোড়ে ডেকে নেন। সেখানে আইমন, অনিক, রানা মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোর করে তুলে নিয়ে যায়। তাদের হাত থেকে বাঁচতে আশফাক একটি নির্মাণাধীন ভবনে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে আট তলায় উঠে যান।
কিন্তু হামলাকারীরা ভবনের গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে তারা ওপরতলায় গিয়ে আশফাককে মারধর করে এবং একপর্যায়ে তাকে আট তলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেছেন, যেখানে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ভবনের নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।
চকবাজার থানার ওসি বাবুল আজাদ জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, নিহতের বাবা তার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।