


ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিস্ফোরক মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বাবরের নামে কোনো মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না—এমন বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।
বুধবার (১৫ এপ্রিল) আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ এই মন্তব্য করেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, রাজ্যে কোনোভাবেই বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না।
তিনি দাবি করেন, স্বামী বিবেকানন্দের পবিত্র ভূমিতে এমন কোনো স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে বিভিন্ন শক্তি রাম মন্দির নির্মাণ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, যা ২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকারের সময় বাস্তবায়িত হয়েছে।
অমিত শাহ তার বক্তব্যে আরও বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এক সাবেক বিধায়কের উদ্যোগে বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন। জনসভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন—এ ধরনের নির্মাণ অনুমোদন দেওয়া উচিত কি না।
এছাড়া অনুপ্রবেশ ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বের করে দেওয়া হবে।
নারী নিরাপত্তা প্রসঙ্গেও মমতা সরকারের সমালোচনা করে অমিত শাহ বলেন, রাজ্যে নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা টেনে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
অন্যদিকে, একইদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অমিত শাহের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে দেশকে বিভক্ত করার চেষ্টা চলছে।
মমতা বলেন, বিজেপি আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে না এবং জনগণ তৃণমূলকেই সমর্থন করে যাবে।
এই পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে গেছে।