Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / হরমুজে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হরমুজে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত!

April 15, 2026 12:35:36 PM   আন্তর্জাতিক ডেস্ক
হরমুজে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত!

পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। হরমুজ প্রণালিতে ঘটে যাওয়া এ ঘটনায় নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের প্রেক্ষাপটে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, উচ্চ প্রযুক্তির এই ড্রোনটি দিন-রাত টানা ২৪ ঘণ্টা আকাশে অবস্থান করে নিখুঁতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম। এর অসামান্য কার্যকারিতার কারণে সামরিক মহলে একে ডানাযুক্ত উপগ্রহ হিসেবেও অভিহিত করা হয়।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত ৯ এপ্রিল হরমুজ প্রণালি এলাকায় নজরদারি চালানোর সময় ড্রোনটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত ড্রোনটি ছিল MQ-4C Triton মডেলের, যা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত সামরিক নজরদারি প্রযুক্তির অংশ।

ড্রোনটি তৈরি করেছে Northrop Grumman । এটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, নিয়মিত প্রায় তিন ঘণ্টার নজরদারি মিশন শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এরপর এর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় থাকা ড্রোনটি হঠাৎ নিচের দিকে নেমে যায় এবং পরে সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে ড্রোনটি শত্রুপক্ষের হামলায় বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রইরান -এর মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর, যা পুরো পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।