Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / পুলিশ সপ্তাহের উদ্বোধনে প্রধানমন্ত্রী, স্থগিত পুলিশ পদক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুলিশ সপ্তাহের উদ্বোধনে প্রধানমন্ত্রী, স্থগিত পুলিশ পদক!

May 10, 2026 10:54:36 AM   অনলাইন ডেস্ক
পুলিশ সপ্তাহের উদ্বোধনে প্রধানমন্ত্রী, স্থগিত পুলিশ পদক!

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মে) শুরু হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই বার্ষিক আয়োজনের শুরুতেই এসেছে বড় পরিবর্তন। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়ে থাকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতির পুলিশ পদক। তবে এবার সেই পদক প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরে বিভিন্ন বিভাগে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত কয়েকজন সদস্যের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ মুহূর্তে পদক প্রদান কার্যক্রম স্থগিত করে।

জানা গেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ সরকারের সময় একই ধরনের পদক পেয়েছিলেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা দুইবার পদক পেয়েছেন বলেও তথ্য উঠে এসেছে। বিষয়টি ঘিরে পুলিশ বাহিনীর ভেতরেও ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, “পুলিশ সপ্তাহের প্রথম দিনে যে পদক দেওয়ার কথা ছিল, সেটি আপাতত হচ্ছে না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবারের আয়োজন সীমিত পরিসরে করা হয়েছে। আগে সাত দিনব্যাপী আয়োজন হলেও এবার তা কমিয়ে চার দিনে আনা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও সীমিত রাখা হয়েছে।

তবে সীমিত আয়োজনের মধ্যেও পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি ও পেশাগত সমস্যার বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।