


ভারতের উত্তরপ্রদেশে এক তরুণীর ব্যতিক্রমী অভিযোগকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। পরিবার বিয়ে দিচ্ছে না বলে অভিযোগ তুলে তিনি পুলিশের কাছে সাহায্য চেয়েছেন। শুধু তাই নয়, নিজের জন্য উপযুক্ত পাত্র খুঁজে দিয়ে বিয়ের ব্যবস্থা করারও অনুরোধ জানিয়েছেন ওই তরুণী। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরাই ইনায়ত এলাকার বাসিন্দা মাধুরী প্যাটেল পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে পুলিশের শরণাপন্ন হন। তার দাবি, দীর্ঘদিন ধরে তাকে বিয়ে দেওয়া হচ্ছে না এবং বিষয়টি নিয়ে পরিবার ইচ্ছাকৃতভাবে গড়িমসি করছে।
মাধুরী অভিযোগ করেন, তার ভাই ও দুলাভাই একাধিক বিয়ের প্রস্তাব বিভিন্ন অজুহাতে ফিরিয়ে দিয়েছেন। তার মতে, বিয়ের খরচ এড়াতেই পরিবার তাকে বিয়ে দিতে আগ্রহী নয়।
তিনি আরও দাবি করেন, পারিবারিক সম্পত্তি নিয়েও জটিলতা রয়েছে। তার ভাই কৌশলে পৈতৃক সম্পত্তি নিজের নামে নিয়ে নিয়েছেন এবং এখন তার প্রতি দায়িত্ব পালন করছেন না। প্রায় দুই দশক ধরে তিনি একা বসবাস করছেন এবং নিজের খরচ নিজেই বহন করছেন বলে জানান ওই তরুণী।
অভিযোগে তিনি আরও বলেন, বাবা-মা, ভাই ও দুলাভাইয়ের কাছ থেকে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। এসব কারণেই শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়েছেন।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, তিনি পুলিশের কাছে অনুরোধ করেছেন যেন তার জন্য উপযুক্ত একজন পাত্র খুঁজে দিয়ে সম্মানের সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।