Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ

May 10, 2026 07:13:38 PM   অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। দীর্ঘ প্রায় ২০ মাস দায়িত্ব পালনের পর তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ রোববার (১০ মে) আনুষ্ঠানিকভাবে তার পদ থেকে পদত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

তিনি তার চিঠিতে আরও বলেন, গত প্রায় ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করা তার জন্য একটি সম্মানজনক অভিজ্ঞতা ছিল। এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া দায়িত্ব পালনের পুরো সময়জুড়ে সহকারী প্রক্টর, প্রক্টর অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রশাসনিক দপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, অ্যালামনাই ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে শিক্ষার উন্নয়ন ও সেবায় যুক্ত থাকতে চান।