


নারায়ণগঞ্জে র্যাবের পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) তারেক আল মেহেদী।
এর আগে শনিবার (৯ মে) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার চাষাঢ়া মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর দক্ষিণপাড়া এলাকার আতর আলীর ছেলে আক্তারুজ্জামান (৪৬) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব ডেকরা মিয়াজীবাড়ি এলাকার তাজুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম রাসেল (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছাই রঙের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ এবং র্যাবের চারটি কালো জ্যাকেট উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাস ব্যবহারের তথ্যও পেয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা র্যাব সদস্য পরিচয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। দীর্ঘদিন ধরে তারা ও তাদের সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।