


কুবি প্রতিনিধি:
সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। রবিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে একযোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় নবাগতদের, আর লালমাটির সবুজ ক্যাম্পাসে প্রথম দিনেই মুগ্ধ নবীনরা।
সকাল ১০টা থেকে প্রতিটি বিভাগে আলাদাভাবে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন পোশাক পরে, চোখে নতুন স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে সকাল থেকেই। সিনিয়রদের আন্তরিকতা ও বিভাগের বর্ণাঢ্য আয়োজনে উচ্ছ্বসিত ছিলেন তারা।
বিশ্ববিদ্যালয় জীবন শুরুর দিনে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইন বিভাগের নবীন শিক্ষার্থী আরিফা জেসমিন বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। স্যারেরা এবং সিনিয়ররা আমাদের অত্যন্ত আন্তরিকভাবে বরণ করে নিয়েছেন। তাদের অনুপ্রেরণামূলক কথাগুলো আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে।"
পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া মো. ইমরান জানান, "পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হয়েছে। অনেক চেষ্টার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি। এত সুন্দর ক্যাম্পাস আর সিনিয়রদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে আমরা আপ্লুত।"
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে এবার আমরা মানসম্মত শিক্ষার্থী পেয়েছি এবং নির্ধারিত সময়েই ক্লাস শুরু করতে পারছি। আমরা চাই নতুন শিক্ষার্থীরা যেন কোনোভাবেই র্যাগিংয়ের শিকার না হয়। তারা যেন নির্বিঘ্নে ক্যাম্পাসে চলাচল করতে পারে এবং নিজেদের প্রতিষ্ঠানকে উপভোগ করতে পারে।"
তিনি আরও জানান, নতুন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক একটি বইও প্রকাশ করা হয়েছে। প্রশাসনের এই কঠোর অবস্থান ও আন্তরিক আয়োজনে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।