Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোণায় উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মবিরতি, বাজার বন্ধে জনদুর্ভোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

নেত্রকোণায় উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মবিরতি, বাজার বন্ধে জনদুর্ভোগ

July 04, 2025 04:09:07 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোণায় উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মবিরতি, বাজার বন্ধে জনদুর্ভোগ

নেত্রকোণা পৌর এলাকার সাতপাই রেলক্রসিং সমবায় বাজারে অবৈধ ইজারা বাতিল ও রেলওয়ের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করছেন।

এই কর্মসূচির ফলে বাজারের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েছেন। নেত্রকোণা সরকারি কলেজ, কলেজ হোস্টেল, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এবং বিএডিসি-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসে বিপাকে পড়ছেন।

আন্দোলনরত ব্যবসায়ীরা জানান, রেলওয়ের আইন অনুযায়ী, দখলসত্ত্বের ভিত্তিতে জমির ইজারা পাওয়ার ক্ষেত্রে বর্তমান ব্যবসায়ীদের অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, রেলওয়ে কর্তৃপক্ষ সেই নিয়ম উপেক্ষা করে একজন বহিরাগতকে বাজারটি ইজারা দিয়েছে। সেই ইজারা বাস্তবায়নের জন্য আগামী ৬ জুলাই রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানের নোটিশ দিয়েছে।

এই ‘অবৈধ’ ইজারা বাতিল এবং উচ্ছেদ অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ব্যবসায়ীদের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন সাবেক পৌর কমিশনার আবুল কালাম খোকন, গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।