Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / নাতনিকে ধর্ষণে বাধা, ছুরিকাঘাতে প্রাণ গেল দাদির! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাতনিকে ধর্ষণে বাধা, ছুরিকাঘাতে প্রাণ গেল দাদির!

May 16, 2026 06:33:54 PM   অনলাইন ডেস্ক
নাতনিকে ধর্ষণে বাধা, ছুরিকাঘাতে প্রাণ গেল দাদির!

সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন কিশোরীর দাদি দিলারা বেগম (৫৪)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন কিশোরী ও তার মা।

শনিবার (১৬ মে) রাত ৩টার দিকে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে দিলারা বেগমের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা কিশোরীর মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কিশোরী চিৎকার শুরু করলে তার মা এগিয়ে যান। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে কামড় দেয় এবং কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

মা-মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বেরিয়ে আসেন দাদি দিলারা বেগম। তিনি দরজার সামনে দাঁড়িয়ে নাতনিকে রক্ষা করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রতিবেশী আলকাছ মিয়া শুভ জানান, রাত তিনটার দিকে কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন নিয়ে ঘটনাস্থলে যান তিনি। গিয়ে দেখেন দিলারা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। একইসঙ্গে আহত অবস্থায় পড়ে ছিলেন কিশোরী ও তার মা।

কিশোরীর মা বলেন, “ঘুম ভেঙে দেখি দরজা খোলা। বিজলীর আলোয় দেখি এক ব্যক্তি আমার মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বাধা দিলে সে মেয়েকে টেনে বাইরে নিতে চায়। ধস্তাধস্তির সময় আমাকে কামড় দেয় এবং মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে।

তিনি আরও বলেন, আমাদের চিৎকার শুনে শাশুড়ি এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে।

স্থানীয়রা জানান, নিহত দিলারা বেগম জরাজীর্ণ টিনের ঘরে প্রতিবন্ধী মেয়ে, নাতনিসহ পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। পরিবারের দুই ছেলে জীবিকার তাগিদে কয়েক মাস আগে প্রবাসে গেছেন।

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”