Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ধীরে ধীরে সুস্থতার পথে মির্জা আব্বাস, চিকিৎসকদের মুখে স্বস্তির খবর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধীরে ধীরে সুস্থতার পথে মির্জা আব্বাস, চিকিৎসকদের মুখে স্বস্তির খবর

May 11, 2026 11:11:35 AM   অনলাইন ডেস্ক
ধীরে ধীরে সুস্থতার পথে মির্জা আব্বাস, চিকিৎসকদের মুখে স্বস্তির খবর

দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আগের তুলনায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘ সময় ধরে নিবিড় পর্যবেক্ষণ ও পুনর্বাসন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কুয়ালালামপুরে অবস্থানরত প্রবাসী সাংবাদিকরা হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় হাসপাতাল সূত্র ও চিকিৎসকদের বরাতে জানা যায়, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল এবং চিকিৎসক দল তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

হাসপাতালে তার পাশে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ভাই মির্জা খোকন। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। পাশাপাশি পুনর্বাসন চিকিৎসার বিভিন্ন ধাপও নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তার শারীরিক অবস্থার প্রতিটি পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

চিকিৎসার অংশ হিসেবে বর্তমানে প্রতিদিন কিছু সময়ের জন্য হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন মির্জা আব্বাস। চিকিৎসকরা এটিকে তার সুস্থতার ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

এদিকে মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন। রোববার তাকে দেখতে হাসপাতালে যান মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, আল ইমরান এবং যুবদল নেতা ইমন হাসান। তারা তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তারা জানিয়েছেন, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করছেন। দেশের বিভিন্ন মসজিদেও তার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, চিকিৎসা ও পুনর্বাসন শেষ করে খুব শিগগিরই তিনি আবারও সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরে আরও বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।