


পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসনে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নির্মাতা ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তীর পাশে শক্ত অবস্থান নিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ভোটের পর তৈরি হওয়া বিতর্ক ও মানসিক চাপে থাকা রাজের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তায় তাকে সাহস দিয়েছেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজ চক্রবর্তী। তবে তিনি বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন। এটি তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় বড় পরাজয় হিসেবে ধরা হচ্ছে।
ভোট গণনার শেষ পর্যায়ে যখন ফলাফল প্রায় নিশ্চিত হয়ে যায়, তখন রাজ চক্রবর্তী গণনা কেন্দ্র ত্যাগ করেন। বের হওয়ার সময় সেখানে উপস্থিত কিছু মানুষের কটাক্ষ ও ‘চোর চোর’ স্লোগানের মুখে পড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও তিনি কোনো মন্তব্য না করে দ্রুত স্থান ত্যাগ করেন। এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পরদিনই মঙ্গলবার (৫ মে) সকালে রাজ চক্রবর্তীকে ঘিরে একটি আবেগঘন পোস্ট দেন তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। নিজের ও পরিবারের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সমর্থনের বার্তা দেন।
শুভশ্রী তার পোস্টে লেখেন, রাজ তাদের পরিবারের “সুপার হিরো”, “গর্ব”, “সুপারস্টার” এবং “পুরো পৃথিবী”। তার এই বার্তাকে অনেকেই দেখছেন কঠিন সময়ে স্বামীর পাশে মানসিক শক্তি হিসেবে।

শুভশ্রীর পোস্ট প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্টে রাজের প্রতি সহানুভূতি জানান। অনেকেই তাকে আগামী দিনে শুধুমাত্র পরিচালক হিসেবেই দেখতে চান বলে মন্তব্য করেন, রাজনীতির পরিবর্তে তার চলচ্চিত্র ক্যারিয়ারে ফিরে যাওয়ার পরামর্শও দেন অনেকে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আরেকটি গুজব, যেখানে দাবি করা হয় ভোটে পরাজয়ের পর রাজ নাকি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছেন। তবে এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানা গেছে। তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট এখনো সক্রিয় রয়েছে।
নির্বাচনী পরাজয়ের পর রাজ চক্রবর্তীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন ঘিরে যেমন আলোচনা চলছে, তেমনি শুভশ্রীর আবেগঘন পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।