


জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেশ আবারও আগের মতো বিভাজন ও অস্থিরতার দিকে ফিরে যাচ্ছে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়েও তিনি উদ্বেগ জানান।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। তবে এই পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলই লাভবান হবে না, বরং অতীতে সুবিধাভোগী শক্তিগুলোই আবার সুযোগ নিতে পারে। তিনি বলেন, “আমরা আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি।”
তিনি আরও বলেন, বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে মানুষকে বাসা থেকে তুলে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। তিনি মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি দ্বিমত প্রকাশের সুযোগও থাকা উচিত বলে মন্তব্য করেন।
বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও গেস্টরুম ও গণরুম সংস্কৃতি ফিরে আসছে, যা শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে।
রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাসীনরা নিজেদের সন্তানদের বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করলেও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, যা তাদের জীবনের সঙ্গে ছিনিমিনি খেলার মতো।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে বসে সরাসরি জনগণের বাস্তব সমস্যা বোঝা কঠিন। কারণ সংসদ সদস্যরা সুবিধাভোগী পরিবেশে থাকেন—এসি রুম, এসি গাড়ি ও স্থায়ী বিদ্যুৎ ব্যবস্থার মধ্যে থেকে সাধারণ মানুষের কষ্ট অনুভব করা যায় না।
হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের সমস্যার সমাধান করতে হলে সংসদ সদস্যদের সরাসরি মানুষের কাছে যেতে হবে এবং তাদের বাস্তব সমস্যা বুঝে কার্যকর সমাধান দিতে হবে।