Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করবেন মনিরা শারমিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

April 26, 2026 01:15:48 PM   অনলাইন ডেস্ক
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করবেন মনিরা শারমিন

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন। আজ রবিবার তিনি আপিল আবেদন জমা দেবেন। প্রার্থিতা বাতিল ঘিরে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন মনিরা শারমিন। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি এখন ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন।

সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আজ দুপুর ২টায় তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদন জমা দেবেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান তার প্রার্থিতা বাতিল করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২০২৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করে ২০২৫ সালে পদত্যাগ করেন মনিরা শারমিন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর অন্তত ৩ বছর না পেরোলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করা যায় না। এই বিধান অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হয়।

এদিকে সংরক্ষিত নারী আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় তা শুরুতেই গ্রহণ করেনি কমিশন।

তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ২৭ ও ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে আগামী ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।